
সদর উপজেলার সকল মসজিদের ইমামদের নিয়ে হাম রুবেলা টীকা ক্যাম্পেইন ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা সহ ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দ।এ সময় সভাপতির বক্তব্যে এস এম ফয়েজউদ্দিন বলেন,
আজকের এই অবহিতকরণ সভায় উপস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যেই আজ আপনাদের সাথে এই মতবিনিময়। শিশুদের জীবন রক্ষাকারী এই টিকা কার্যক্রমে সমাজের সবচেয়ে প্রভাবশালী অংশ হিসেবে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম।
ইসলাম মানবজাতির কল্যাণের ধর্ম। শিশুদের রোগ থেকে বাঁচানো, তাদের সুস্থ রাখা – এটি আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা ভাইরাসজনিত মারাত্মক রোগ। এই রোগে আক্রান্ত হলে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে, আর রুবেলায় গর্ভবতী মা আক্রান্ত হলে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মাতে পারে। এই দুটি রোগ প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা।
আপনারা মসজিদের মিম্বার থেকে জুমার খুতবায়, পাঁচ ওয়াক্ত নামাজের আগে-পরে মুসল্লিদের টিকার গুরুত্ব বোঝাবেন। কোনো গুজব বা ভ্রান্ত ধারণা যেন অভিভাবকদের বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সচেতন করবেন। সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহিত করবেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আপনাদের পাশে আছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জ সদরকে হাম-রুবেলা মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব, ইনশাআল্লাহ।আমরা চাই যাতে একটি শিশু ও এই টিকা থেকে বাদ না পড়ে।