
বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র্যাব-১১ এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স সেলিনা ট্রেডার্স’ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করে।
র্যাব-১১ জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।